এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

পুলিশ সদস্যরা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, যুবক তাদের সঙ্গে রয়েছেন, দৃশ্যটি একটি নিরাপত্তা চৌকির বাইরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদ (১৮) হত্যা মামলার মূল আসামি রবিউল আলমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ৩ জুন দুপুরে একটি সংবাদ সম্মেলনে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার ২ জুন আসামি রবিউল আলমকে রাজধানী ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রবিউল আলম হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং নিহত তানভীর খান রিয়াদ ওই গ্রামের স্বপন খানের ছেলে। তিনি হোসেনপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গত ২৮ মে পারিবারিক কলহের জেরে হোসেনপুর উপজেলার বীর হাজিপুর গ্রামে তানভীর খান রিয়াদ ছুরিকাঘাতে নিহত হন। মঙ্গলবার ৩০ মে নিহতের পিতা মো. স্বপন মিয়া বাদি হয়ে হোসেনপুর থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় প্রাথমিক ভাবে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে মূল হোতাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অবশেষে ২ জুন একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র অটোরিকসা চালক রবিউল আলমকে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসামিকে শনিবার দুপুরে কিশোরগঞ্জের আদালতে হাজির করা হলে, হত্যার সাথে জড়িত থাকার স্কীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটুসহ থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



