এশিয়া কাপের আগে থেকেই ওয়ানডে ফরম্যাটে দলে ছিলেন না ব্যাটিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে অভিজ্ঞ তারকাকে বিশ্রামে রাখা হয়েছে বলা হতো, সময় গড়ানোর সঙ্গে বোঝা যায় তাকে দল থেকে একরকম বাদই দেয়া হয়েছে। এশিয়া কাপে ভরাডুবির পর নানা আলোচনা-সমালোচনার শেষে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফের ডাক পান রিয়াদ। এরপর থেকেই ছন্দে ফিরে আলো ছড়াচ্ছে তার ব্যাট।
সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উঠে এলো রিয়াদের ‘বিশ্রাম’ প্রসঙ্গ। জবাবে তার ভাষ্য, বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গেছে। বলেছেন, ‘এটা আসলে আমার হাতে নেই। এটা তাদের (নির্বাচকদের) সিদ্ধান্ত। দলের জন্য যা ভালো মনে হবে সেটাই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আমার কাজটা সততা দিয়ে করতে চাই। আর এটাই আমার কাজ এবং এটাই যথেষ্ট। আমি এটাই করতে চাই।’
বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য রিয়াদ ধন্যবাদ দিয়েছেন তাকে সমর্থন দিয়ে চলা সমর্থক এবং পরিবারকে। ৩৭ বর্ষী রিয়াদ বলেছেন, ‘অবশ্যই আমার পরিবার ও গত তিন মাসে যারা আমাকে সাপোর্ট করে গেছেন এবং দোয়া করেছেন, তাদেরকেই আমার সেঞ্চুরিটি উৎসর্গ করতে চাই।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। টাইগার বোলারদের পিটিয়ে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৮২ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ৪৬.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরমধ্যে ১০০ স্ট্রাইক রেটে ১১১ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকেই। ম্যাচ ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।







