হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নেমেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের চার সপ্তাহের ভারত সফর শেষ হচ্ছে এ ম্যাচ দিয়ে। তবে সব কিছু উপেক্ষা করে সকলের দৃষ্টি এখন মাহমুদউল্লাহর রিয়াদের দিকে। টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে ইতি টানছেন তিনি ।
ম্যাচ শুরুর আগে অধিনায়ক শান্তর হাত থেকে ক্রেস্ট নেন ব্যাটিং অলরাউন্ডার রিয়াদ। বিদায়ক্ষণে পঞ্চপাণ্ডবের এক সতীর্থকে পাশে পেলেন রিয়াদ। ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যে ভূমিকায় থাকা তামিম ইকবালের সঙ্গে কথা বলেন রিয়াদ। এসময় বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরাও তাদের ঘিরে রাখেন।

এর আগে টি-টুয়েন্টি থেকে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অন্যান্য সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, অতিসম্প্রতি সাকিব আল হাসান বিদায় নেন। এবার মাহমুদউল্লাহও বিদায় বলে দিলেন।
লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ ১৪০ টি-টুয়েন্টি খেলা মাহমুদউল্লাহ রিয়াদের এ সংস্করণে কোনো সেঞ্চুরি নেই, ফিফটির সংখ্যা ৮টি। তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৬৪ রানের যা খেলেছিলেন ২০১২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।







