মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শনিবার দুপুরে মাগুরা-নড়াইল মহাসড়ক সংলগ্ন শহরতলীর পারলা-গোয়ালখালী মৌজায় প্রস্তাবিত ২৫ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন।
ইতিমধ্যে প্রকল্প এলাকায় বিদ্যুতের পৃথক দুটি লাইন স্থাপিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরুর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে এলাকাবাসীকে আশ্বাস দেন।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের ২৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ঘোষণা দেন। ২০১৯ সালে প্রথম মাগুরা সরকারি মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। এরই ধারাবাহিকতায় গত মাসে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন।
বর্তমানে মেডিকেল কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। স্থায়ী ক্যাম্পাস ও ভবনের অভাবে দীর্ঘ ছয় বছর ধরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পুরাতন ভবনের কয়েকটি কক্ষে পাঠদান কার্যক্রম চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না থাকায় তাদের বাইরে ভাড়া ভবনে থাকতে হচ্ছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে প্রকল্পের ২৫ একর জমি অধিগ্রহণে ৫৪ কোটি ৭৫ হাজার ৩০০ টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। দুই বছর পার হলেও একনেকে অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি।







