কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় চোটে পড়েছিলেন বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা মিডফিল্ডার ইসমায়েল কনে। কাতার মিডফিল্ডার আসিম মাদিবোর ট্যাকলে পা ভাঙে তার। ঘটনায় ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন আসিম। ফিফার আয়োজনে হওয়া আগামী পাঁচ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছে, গুরুতর ফাউল করার কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আসিমের।
ঘটনা কাতার-কানাডা ম্যাচের দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে। আসিম সেসময় কনেকে ফাউল করেন, সেটি গুরুতর ছিল। পরে দেখা যায় পা ভেঙেছে স্বাগতিক মিডফিল্ডারের। এতে প্রায় ৫ মাসের জন্য দলের বাইরে চলে গেছেন কনে। ম্যাচ শেষে অবশ্য মাদিবো কানাডা ড্রেসিংরুমে গিয়ে ক্ষমাপ্রার্থনা করেছিলেন।







