প্যারিসের উপকণ্ঠে গুলির ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ

ছবি: সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। শুক্রবার সকালে ত্রাপ ও লা ভেরিয়ের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
মাখোঁ বলেন, এ হামলা ফরাসি প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। তার ভাষ্য, বর্ণের কারণে এভাবে নির্বিচারে কাউকে হত্যার ঘটনা আগে কখনো ঘটেনি।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলাকারী একটি গাড়িতে বসে প্রায় ১৫ মিনিট ধরে বিভিন্ন স্থানে গুলি চালান। প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ত্রাপ এলাকায় এবং পরে পাশের লা ভেরিয়ের শহরে হামলা চালানো হয়। হামলাকারী অভিবাসী বংশোদ্ভূত মানুষদের লক্ষ্যবস্তু করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
হামলার ঘটনাস্থল ত্রাপ পরিদর্শনে গিয়ে মাখোঁ বলেন, ভুক্তভোগীদের গায়ের রং কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের আদর্শের বিস্তার ঠেকাতে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।
তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর (পিএনএটি) জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি হিসেবে প্রকাশ করা হয়েছে। তার বয়স ৩৯ বছর। পিএনএটির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আগে চারটি অপরাধের দণ্ডাদেশ ছিল। তবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অপরাধের রেকর্ড থেকে মুছে গিয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি পুলিশের কাছে পরিচিত ছিলেন। তবে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির তালিকায় তার নাম ছিল না। জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর বিএফএমটিভিকে জানিয়েছে, তাকে ফ্রান্সের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকায়ও রাখা হয়নি।
শুক্রবার সন্দেহভাজনের নিকট পরিবারের একজন সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পিএনএটি।
ত্রাপের মেয়র আলি রাবেহ বলেন, শুক্রবার সকালে এক ব্যক্তি গাড়িতে বসে বিভিন্ন স্থানে যাদের সামনে পেয়েছেন, তাদের লক্ষ্য করে গুলি চালান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধূসর রঙের একটি রেনো ক্লিও গাড়িতে করে কয়েকটি এলাকায় ঘুরে গুলি চালান ওই ব্যক্তি। মেয়র বলেন, হামলাকারী নির্বিচারে গুলি চালিয়েছেন এবং যত বেশি সম্ভব মানুষকে হতাহত করাই তাঁর উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে।
মেয়র আরও জানান, ত্রাপ এলাকায় একটি পেট্রলপাম্প, একটি চিকিৎসাকেন্দ্র ও শিশুদের খেলার মাঠের কাছে গুলি চালানোর পর হামলাকারী পাশের লা ভেরিয়েরের দিকে চলে যান।
পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা জানান, শহরটির মধ্য দিয়ে যাওয়া এন১০ মহাসড়কে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
আহত ১২ বছর বয়সী কিশোরীর মা ফরাসি সম্প্রচারমাধ্যম আরটিএলকে জানিয়েছেন, তার মেয়ের শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে।
স্থানীয় পুলিশপ্রধান বিএফএমটিভিকে জানিয়েছেন, হামলায় পুরোনো ধরনের একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। অস্ত্রটি দিয়ে একাধিক গুলি ছোড়া হয়েছিল। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়াঁর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে।
পিএনএটি জানিয়েছে, হত্যাকাণ্ডের পাশাপাশি সামরিক পর্যায়ের বা একাধিক গুলি ছুড়তে সক্ষম ‘ক্যাটাগরি এ’ অস্ত্র রাখার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এ ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের প্রস্তুতির উদ্দেশ্যে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হামলার পেছনে বর্ণবাদী উদ্দেশ্য ছিল কি না, তা এখনো তদন্তাধীন। তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘটনাটিকে বর্ণবাদী সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন।






