মারা গেছেন গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ ৬ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আবু জাফর। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। ‘এই পদ্মা এই মেঘনা’ আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল।
পাশাপাশি ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ গানগুলো এখনো শ্রোতাদের মুগ্ধ করে।
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী। গুণী এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সংগীতভুবন। তিনি শুধু সংগীতাঙ্গনের মানুষই ছিলেন না, ছিলেন কবি ও সবার প্রিয় শিক্ষক।
শিক্ষকতা পেশার পাশাপাশি সংগীতভুবন আলোকিত করেছেন আবু জাফর।







