দাম বাড়লো এলপিজি গ্যাসের

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে, যার মূল্য বৃদ্ধি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভোক্তাপর্যায়ে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বেড়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ২ সেপ্টেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দর ঘোষণা করে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাইয়ের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা করা হয়েছিল। এর আগে জুন মাসে দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা, তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।
ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৪ টাকায় ৬২ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসে এ মূল্য প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।






