পটুয়াখালীর কলাপাড়ায় জমির নিচ থেকে বিকট বুদবুদ শব্দ ভেসে আসায় এলাকাবাসীর মাঝে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলার কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বড়পাড়া গ্রামের আশেক আলী মৃধা নিজের জমিতে গরু চরাতে গিয়ে মাটির তলদেশ থেকে ভেসে আসা বিকট বুদবুদ শব্দে হতচকিত হয়ে পড়েন। পরে অন্যদের ডেকে দেখালেন এবং জানতে চাইলেন কি এমন রয়েছে তার চাষের জমিতে। কেন এমন শব্দ হচ্ছে কোদাল দিয়ে কুপিয়ে মাটি পরীক্ষা করতেই শব্দ বেড়ে যায় কয়েকগুণ। তখন জমির আশপাশ থেকেও বের হতে থাকে লাগাতার একই রকম বুদ বুদ শব্দ। এই অবস্থা দেখে স্থানীয়দের মাঝে সন্দেহের দাঁনা বাধে। কি আছে মাটির তলদেশে খনিজ সম্পদ, নাকি প্রাকৃতিক গ্যাসের খনির উপস্থিতি।
খবর পেয়ে সেখানে ভিড় করেন কৌতূহলী মানুষ। মাঠের মধ্যে কেউ কোদাল হাতে মাটি খুঁড়ছেন, আবার কেউ খোঁড়া গর্ত থেকে পানি বা মাটির গন্ধ শুঁকছেন। সবারই কৌতুহল কি আছে ওই জমির মাটির নিচে। গ্রামবাসীরা এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পুলিশের জরুরি সেবা নম্বরেও কল করেন।







