লন্ডন এক্সপ্রেসে আগুন: নাশকতা কিনা খতিয়ে দেখছে র্যাব

লন্ডন এক্সপ্রেসে আগুনের দৃশ্য, ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ছবি, নাশকতা তদন্তের জন্য র্যাব তদন্ত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর ডেমরার কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাসে আগুনের ঘটনা নাশকতা কি-না খতিয়ে দেখছে র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গতকাল যে বাসগুলো পুড়েছে, সেই কর্তৃপক্ষ এখনো কোন নাশকতার সন্দেহ করে আমাদের কাছে অভিযোগ করেননি। তারপরেও আমাদের গোয়েন্দারা কাজ করছে, এটা স্বাভাবিক ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দারা ক্ষতিগ্রস্থদের সঙ্গে যোগাযোগ করবে, তারা কোন সন্দেহ করলে সেটাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এটা নাশকতা কি-না সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো।
সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে লাগা আগুনে গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাস আগুনে পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে বাসগুলোর আগুন নিয়ন্ত্রণে আসে।






