বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হবে এবং তা সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রতিবেশী রাজ্য হলেও সেখানে কে জয়ী হলো বা না হলো, তা দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

শিশুমৃত্যুর সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শিশু মৃত্যুর মতো কোনো খারাপ উদ্দেশ্য ছিল বলে মনে হয় না। তবে টিকা প্রদান না করার ঘটনা কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।

সরকারের টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ টিকাদান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

বিষয়:ডা. জাহেদ উর রহমান তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…