গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিন ম্যাচের টু-টুয়েন্টি সিরিজে প্রথমটি জয়ের পর দুটিতে হারে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সেই সিরিজ হারের পর পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগার দল। শ্রীলঙ্কায় প্রথমটি হেরে টানা ছয় ম্যাচে পরজয়ের স্বাদ পায় বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। জয়ের সঙ্গে রানে ফিরেছেন লিটন দাস, ১৩ ইনিংস পর দেখা পেয়েছেন ফিফটির।
ডাম্বুলায় রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তোলে লিটন দাসের দল। জবাবে লঙ্কানরা গুটিয়ে যায় কেবল ৯৪ রানে। ৮৩ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় টিম টাইগার্স। বুধবার শেষ ও তৃতীয় ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
দীর্ঘ ১৩ ইনিংস পর টি-টুয়েন্টিতে ফিফটি পেয়েছেন লিটন। ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ৩১ রান এবং শামীম হোসেন পাটোয়ারীর ৪৮ রান স্কোর সমৃদ্ধ করে।
ডানহাতি ওপেনার লিটন কিছুটা এড়িয়ে যান নিজের প্রসঙ্গ। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে অবশ্য বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘গত কয়েকটি ম্যাচে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সেটা হয়ে উঠছিল না। এই ম্যাচে শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা চমৎকারভাবে করেছে। এটি ব্যাটিংয়ের ভালো উইকেট ছিল, তবে কিছুটা সময় নিতে হয়েছে, কারণ কিছু বোলার কিছুটা বাউন্স নিয়ে আসছিল। যখনই রিশাদ ভালো বল করে আমরা ভালো জায়গায় থাকি। বোলিং এবং ফিল্ডিং গুরুত্বপূর্ণ ছিল।’







