সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। এই গ্রহকে নজরে রাখতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) থেকে যে মহাকাশযানটি পাঠানো হয়েছে, তার নাম জুনো। সেই জুনোর ক্যামেরাতেই ধরা পড়েছে বৃহস্পতিতে বজ্রপাতের এক অভিনব ছবি।
জুনোর ক্যামেরা থেকে তোলা একটি ছবি সম্প্রতি প্রকাশ করেছে নাসা। ছবিতে দেখা যায়, গোলাকার গ্রহপৃষ্ঠের ওপরের দিকে ছোট্ট একটি সবুজ আলোর বিন্দু। সেটাই বৃহস্পতির বজ্রপাতের দৃশ্য বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
এই ছবিটি তোলা হয়েছিল ২০২০ সালের ২০ ডিসেম্বরে। নাসার বিজ্ঞানী কেভিন এম. গিল ২০২২ সালের পুরনো তথ্য ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ছবিটি আবিষ্কার করেন। নাসার শেয়ার করা ছবিটি যখন তোলা হয়েছিল, তখন জুনো বৃহস্পতির মেঘের স্তর থেকে ১৯ হাজার ৯০০ মাইল দূরে ছিল। তার তোলা এই ছবি বৃহস্পতির আবহাওয়া, প্রকৃতি নিয়ে গবেষণায় নতুন দিকে আলোকপাত করেছে বলে দাবি বিজ্ঞানীদের।
বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে যেভাবে বজ্রপাত হয়, বৃহস্পতিতে তার নিয়ম কিছুটা আলাদা। পৃথিবীতে জলকণা জমে মেঘ হয়। সেই মেঘে হয় বজ্রপাত। সাধারণত পৃথিবীর নিরক্ষীয় এলাকায় বজ্রপাত বেশি হয়ে থাকে। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে বজ্রপাত হয় মেরু প্রান্তে। অ্যামোনিয়া এবং জলের সংমিশ্রণে তৈরি মেঘে এই বজ্রের জন্ম। তাই বৃহস্পতির বজ্রপাত পৃথিবীর চেয়ে আলাদা।
বৃহস্পতি সাধারণত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব ৮৮ হাজার ৮৫০ মাইল। ২০১৬ সাল থেকে এই গ্রহের চারপাশে ঘুরছে নাসার মহাকাশযান জুনো।








