রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার হালকা থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, যা পরে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসময়ে ঢাকার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ, বৃষ্টি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বরং বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আর আগামীকাল রবিবার ভোর ৫টা ৩১ মিনিটে সূর্যোদয় হবে।








