সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন চাপা’ মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। যেখানে বলা হয়েছে, রিসেট বাটন চেপে সফটওয়্যার রিসেট করা হয়, যাতে আবার নতুন করে শুরু করা যায়। এতে হার্ডওয়্যারের কোনো পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।
আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বিবৃতিতে এই বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারটিকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে বলেও উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বোতাম চাপা’ বলতে দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে উঠে এসে এক সূচনার কথা বলেছেন যা বাংলাদেশের সবগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং কোটি কোটি মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার অর্থে তিনি এ কথা বলেননি।
বিবৃতিতে বলা হয়েছে, রিসেট বাটন চেপে সফটওয়্যার রিসেট করা হয়, যাতে আবার নতুন করে শুরু করা যায়। এতে হার্ডওয়্যারের কোনো পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে গত ৮ আগস্ট ঢাকায় আসার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি করার জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা চালান। তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন।










