বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১১টি দেশে চিঠি দিয়েছে দুর্নতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তিনি যেনো দেশ ছাড়তে না পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) চিঠি দেওয়া হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে: বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ চার সদস্যের একটি টিম অনুসন্ধান করছে। এ অবস্থায় গোপন সূত্রে জানা যায়, মাসুদ বিশ্বাস গোপনে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
‘মাসুদ বিশ্বাস যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হল। বিষয়টি ‘অতীব জরুরি’।’
চিঠিতে সাক্ষর করেছেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।
মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ২৫ সেপ্টেম্বর অনুসন্ধান শুরু করে দুদক।








