লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ফিফটিতে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ পেয়েছিল ভারত। হাই-স্কোরিং লড়াইয়ে শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া।
সোমবার ব্রিসবেনে টসে হেরে আগে ব্যাট করা ভারত ৭ উইকেটে তোলে ১৮৬ রান।
ওপেনিংয়ে লোকেশ রাহুল ৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৭ রানের ইনিংস। চারে সূর্যকুমার ৩৩ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৫০ রান। অধিনায়ক রোহিত শর্মা ১৫ ও বিরাট কোহলি ১৯ রানের বেশি দিতে পারেননি। শেষদিকে কার্তিক ১৪ বলে একটি করে চার-ছয়ে ২০ রান করেন।
অজিদের মধ্যে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন কেন রিচার্ডসন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাশ্টন অ্যাগার।
বড় লক্ষ্য তাড়ায় ঠিকভাবেই এগোচ্ছিল স্বাগতিকরা। দুই ওপেনার ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন মিচেল মার্শ। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। স্টিভেন স্মিথ ১১ ও ম্যাক্সওয়েল ২৩ রান করে ফেরেন।
শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করা অস্ট্রেলিয়া এক পর্যায়ে নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১১ রান।
মোহাম্মাদ শামির প্রথম দুই বলে চার রান নেন স্টার্ক। পরে টানা চার বলে ৪ উইকেট হারায় অজিরা। তৃতীয় বলে কামিন্স ক্যাচ আউট হন। চতুর্থ বলে রান আউট হন অ্যাগার। শেষ দুই বলে জশ ইংলিশ ও কেন রিচার্ডসনের উইকেট তুলে নেন শামি।
শুধুমাত্র শেষ ওভারে বল হাতে নেয়া শামি ৪ রান দিয়ে পান ৩ উইকেট। ভূবনেশ্বর কুমার দুটি ও একটি করে উইকেট পান আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল ও যুজবেদ্র চাহাল।







