মাঠের বাইরে এক নতুন চ্যালেঞ্জের সামনে ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ষষ্ঠ ফিফা বিশ্বকাপে খেলা শেষে পা রাখতে চলেছেন ছোট পর্দার একটি সিরিজে। তার সঙ্গে অভিনয় করবেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী থিয়েরি অঁরি।
পর্তুগিজ মহাতারকা ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবল নিয়ে কাল্পনিক সিরিজে অংশগ্রহণের মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন। সিরিজের প্রেক্ষাপট ব্রিটিশ ফুটবল ব্যবসার প্রতিযোগিতামূলক জগতের উপর ভিত্তি করে। সিআর সেভেন প্রথমবার শুধু অভিনেতা হিসেবে নয়, নতুন প্রকল্পের একজন নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করতে চলেছেন।
কাজটি করবে ইউআর মার্ভ স্টুডিওস। সংস্থাটি রোনালদো এবং পরিচালক ম্যাথিউ ভন ২০২৫ সালে প্রতিষ্ঠা করেছেন। এ প্রযোজনা প্রতিষ্ঠানের সবচেয়ে উল্লেখ্যযোগ্য কাজ হল ব্রিটিশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘কিংসম্যান’। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইতিমধ্যেই সিরিজটির পরিবেশনা স্বত্ব নিশ্চিত করার জন্য প্রতিযোগিতা করছে।
এছাড়াও ‘হোমল্যান্ড’ এবং ‘বিলিয়ন্স’র মতো বিখ্যাত সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা ড্যামিয়ান লুইসও থাকবেন সিরিজে। তিনি স্ট্যানলি ডাল্টনের ভূমিকায় অভিনয় করবেন, যিনি একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট এবং খেলার সাথে জড়িত ক্ষমতাবান একজন ব্যক্তি।
সিরিজটি পেশাদার ফুটবলের নেপথ্যের দিকগুলো তুলে ধরার চেষ্টা করবে। দেখানো হবে গোপন আলোচনা, ক্ষমতার লড়াই, অর্থনৈতিক স্বার্থ এবং এজেন্টদের এমন সব সিদ্ধান্ত যা মাত্র কয়েকঘণ্টার মধ্যে একজন ফুটবলারের ক্যারিয়ার বদলে দিতে পারে।
‘ডে ওয়ানস’ ধারণাটি তৈরি করেছেন থিয়েরি অঁরির প্রতিনিধি ড্যারেন ডেইনের প্রতিবেদন অনুসারে। উত্তর-পশ্চিম লন্ডনে বার্নেট এফসির হোম গ্রাউন্ডে ইতোমধ্যেই কিছু শুটিংও হয়ে গেছে।







