২৪ মার্চ মুক্তি পাবে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মধ্যে তুমুল জনপ্রিয় সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার ৪’। বরাবরের মতো এবারও এই ফ্র্যাঞ্চাইজির ‘চারন’ চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা ল্যান্স রেডডিক। তবে ছবির মুক্তি যেতে পারলেন না তিনি। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তার। অভিনেতার বয়স হয়েছিল ৬০ বছর।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। জানিয়েছেন, অভিনেতার লস অ্যাঞ্জেলসের স্টুডিওতে শুক্রবার সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
প্রয়াত অভিনেতাকে ‘জন উইক : চ্যাপ্টার ৪’ উৎসর্গ করেছেন তাঁর সহ শিল্পী কিয়ানু রিভস এবং সিনেমাটির নির্মাতা চাদ টাহেলস্কি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মর্মাহত, হৃদয় ভেঙে গেছে আমাদের বন্ধু এবং সহশিল্পী ল্যান্স রেডডিকের প্রয়াণে। তিনি কাজ করতে ভালোবাসতেন, তার সাথে কাজ করা আনন্দের ছিল। তার স্ত্রী, সন্তান, পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সমবেদনা। এই সিনেমা তার স্মরণে উৎসর্গ করা হলো।’
‘দ্য ওয়্যার’, ‘ফ্রিঞ্জ’ সহ একাধিক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন ল্যান্স রেডডিক। প্রায় ৩০ বছরের অভিনয় ক্যারিয়ারে এক ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মাঝে ‘লস্ট’, ‘সিএসআই: মিয়ামি’, ‘অ্যামেরিকান হরর স্টোরি: কোভেন’, ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ‘ওয়ান নাইট ইন মিয়ামি’, ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ এবং ‘গডজিলা ভার্সেস কং’ অন্যতম।
সূত্র: ভ্যারাইটি







