ভিট-চ্যানেল আই টপ মডেল সাদিয়া ইসলাম লামিয়া অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ‘লামিয়াস ওয়ার্ল্ড’ নামে তার নিজস্ব একটি অনলাইন লাইফস্টাইল শপ ছিল। সেখানকার এক ডেলিভারি ম্যান প্রায় সাড়ে ছয়লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে জানিয়েছেন লামিয়া।
টাকা নিয়ে ডেলিভারিম্যান গায়েবের ঘটনায় শুক্রবারই মিরপুর-২ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন লামিয়া। শিগগিরই ডেলিভারিম্যানের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।
চ্যানেল আই অনলাইনকে লামিয়া জানান, আক্তার এক্সপ্রেস নামে একটি ডেলিভারি কোম্পানির মাধ্যমে ‘লামিয়াস ওয়ার্ল্ড’-এর পণ্য ডেলিভারি দিতেন এর মালিক আক্তার হোসেন। শুক্রবার (২৫ নভেম্বর) পর্যন্ত তিনদিনের ডেলিভারি বাবদ নগদ সাড়ে ছয়লাখের বেশী টাকা জমা ছিল তার কাছে।
এ টাকা নিয়ে ডেলিভারি ম্যান আক্তার হোসেন পালিয়েছে বলে অভিযোগ ওই অভিনেত্রীর। লামিয়া বলেন, শুক্রবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেলিভারি ম্যানের পরিবার ও অফিসের কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তার বাসায় খোঁজ নিয়ে জানতে পারি, তিনি জিনিসপত্র নিয়ে উধাও হয়েছে।
টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে লামিয়ার অভিযোগের বিষয়ে মিরপুর ২ মডেল থানা সংশ্লিষ্টরা জানান, এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।






