দেশের সাম্প্রতিক আন্দোলন, সহিংসতা ও নৈরাজ্যে চরম ক্ষতির মুখে পড়েছে কুয়াকাটার পর্যটন শিল্প। অস্থিতিশীল পরিস্থিতিতে ইন্টারনেট ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটক শূন্য হয়ে আছে কুয়াকাটা।
বিকল্প ব্যবস্থায় বাড়ি ফিরে গেছেন আটকে পড়া পর্যটকরা। ক্ষতি গুণতে হচ্ছে হোটেল-মোটেল ও রেস্তোরাসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের।
নানান সঙ্কট-দুর্ভোগের পর স্থানীয় প্রশাসনের সহায়তায় আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী উদ্ধার করে গত মঙ্গলবার বিশেষ নিরাপত্তায় ঢাকায় পৌঁছে দেয়। উদ্বেগ উৎকন্ঠা কাটিয়ে বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
রাস্তা ঘাট, দোকান পাট, হোটেল, রেস্তোরাগুলো ফাঁকা। পর্যটক না থাকায় সৈকতের অধিকাংশ প্রতিষ্ঠান, ভাসমান দোকান ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ।
কুয়াকাটার পর্যটন হলিডে হোমস হোটেলের ব্যবস্থাপক মো. ফারুক উজ্জামান বলেন, কোভিড-১৯ মহামারি পর এমন অচলবস্থা আর দেখেনি কুয়াকাটার মানুষ। আমাদের ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না।








