পশুর নদীতে ট্যাংকারের ধাক্কায় হাজার টন কয়লাসহ কার্গোডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এক হাজার ২৫০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা নয়জন নাবিক সাঁতরে পাশের একটি কার্গোতে আশ্রয় নেওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে পশুর চ্যানেলের হারবাড়িয়া-সংলগ্ন সুন্দরী কোঠা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী।
দুর্ঘটনাকবলিত জাহাজের স্টাফরা জানান, সুন্দরবনের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে কার্গোটি ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা হয়। পথে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটির তলা ফেটে যায় এবং পরে ডুবে যায়।
কয়লাবোঝাই জাহাজটিতে মোট নয়জন ছিলেন। তাদের রানীয়া-১৩ নামের একটি জাহাজ উদ্ধার করে মোংলায় নিয়ে যায়। তারা এখন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার কার্যালয়ে আছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য শফিকুল ইসলাম সরকার বলেন, জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। তাই চ্যানেল সম্পূর্ণ নিরাপদ আছে এবং নৌযান চলাচলও স্বাভাবিক।
জাহাজটি দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।





