ফিরে দেখা: কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের যাত্রা

ক্রিকেটার কোহলি ক্রিকেট মাঠে প্রস্তুত, পেছনে স্টেডিয়াম দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০০৮ সালের ১৮ আগস্ট, আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে চিক্কু নামের এক তরুণের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ওয়ানডের আগেই অবশ্য তিনি পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। ওই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত, নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে জন্ম নেয়া সেই তরুণ। ১৫ বছর পেরিয়ে ইতিহাসের পাতায় অনায়াসেই যিনি কিংবদন্তিদের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। ব্যাট হাতে বছরের পর বছর পারফরম্যান্স দেখিয়ে বসেছেন রাজার আসনে, নাম বিরাট কোহলি।
ভোরের সূর্য দেখলেই নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। কোহলির অভিষেক ম্যাচ অবশ্য চিরন্তন কথাটিকে সত্যি প্রমাণ করেনি। ১২ রান করে সাজঘরে ফিরেছিলেন। লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ফিফটিসহ ৩১.৮০ গড়ে করেছিলেন ১৫৯ রান। ডানহাতি ব্যাটারের সামর্থ্য নিয়ে সবাই অবগত থাকলেও পরের বছরগুলোতে তার ঝুলিতে এতসব অর্জন জমা হবে, সেটি তখনও কল্পনার বাইরেই ছিল।
কোহলি নিজেকে সব ফরম্যাটে ধারাবাহিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুটের সঙ্গে আধুনিক ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ ব্যাটিং বন্ধনীতে উজ্জ্বল হয়ে উঠেছেন।
টি-টুয়েন্টির রমরমা যুগেও ভারতের হয়ে ১১১ টেস্ট খেলে ফেলেছেন কোহলি। সাদা পোশাকের ক্রিকেটেও তার সূচনাটা মধুর ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে টেস্ট অভিষেক। সিরিজে তিন টেস্টে পাঁচ ইনিংসে করেছিলেন মাত্র ৭৬ রান। পরে তিনি লাল বলের ক্রিকেটের অন্যতম বড় দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৮৭ ইনিংসে ৪৯.২৯ গড়ে ২৯টি ফিফটি ও ২৯টি সেঞ্চুরিসহ কোহলির উইলো থেকে এসেছে ৮,৬৭৬ রান। সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫৪ রানের ইনিংস খেলেছেন।
টেস্ট ইতিহাসে ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক কোহলি। টিম ইন্ডিয়ার হয়ে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি তার নামের পাশে। একটি জায়গায় কিং কোহলি সবার চেয়ে এগিয়ে। ভারতীয় খেলোয়াড়ের মধ্যে তিনি সর্বাধিক সাত ডাবল সেঞ্চুরির মালিক।
অধিনায়ক হিসেবে নিজের দক্ষতার নজির রেখেছেন তারকা ক্রিকেটার। ৬৮ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ৪০ ম্যাচে জিতেছেন, ১৭টিতে হেরেছেন এবং ১১টি হয়েছিল ড্র। জয়ের শতকরা হার ৫৮.৮২ শতাংশ।
ঘরের মাঠে ভারতকে একটি শক্তিশালী দলে পরিণত করায় ৩৪ বর্ষী কোহলির ছিল বড় অবদান। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় টেস্ট ম্যাচ ও সিরিজ জয় তার অধীনেই ছিল। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মাদ শামি, উমেশ যাদবের সমন্বয়ে বিশ্বমানের পেস বোলিং ইউনিট প্রতিষ্ঠায় কোহলির বিশাল ভূমিকা। সেই পেস ইউনিটে আরও ছিলেন ইশান্ত শর্মা ও মোহাম্মাদ সিরাজ।
তিন ফরম্যাটের ভেতর ওয়ানডেতে সবচেয়ে সফল কোহলি। ২৭৫ ম্যাচে ৫৭.৩২ গড়ে করেছেন ১২,৮৯৮ রান। ২৬৫ ইনিংসে ৪৬টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলেন ১৮৩ রানের ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংস।
ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক কোহলি। সবার উপরে আছেন ৪৬৩ ম্যাচে ৪৯টি সেঞ্চুরিসহ ১৮,৪২৬ রান করা কিংবদন্তি শচীন টেন্ডুলকার। একদিনের ক্রিকেটে কোহলির আছে দ্বিতীয় সর্বাধিক ৪৬টি সেঞ্চুরি। আর মাত্র চারটি শতকের দেখা পেলে শচীনকে টপকে গড়বেন নতুন রেকর্ড। একইসঙ্গে হবেন ওয়ানডেতে প্রথম ৫০ সেঞ্চুরি পাওয়া ক্রিকেটার।
কোহলি তৃতীয় দ্রুততম পাঁচ হাজার, দ্বিতীয় দ্রুততম ছয় এবং সাত হাজার রানের মাইলফলকে পা রাখেন। দ্রুততম আট, নয়, দশ, এগারো এবং বারো হাজার রান তার ব্যাট থেকেই আসে।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ড সমৃদ্ধ। ৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৬৫ ম্যাচে জিতেছেন, ২৭টিতে হেরেছেন, একটি হয়েছিল টাই। দুই ম্যাচে আসেনি ফলাফল। জয়ের শতকরা হার ৬৮.৪২ শতাংশ।
২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য কোহলি। দুবছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদও পান। ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপেও কোহলির ব্যাটে থাকে রান। ২৬ ম্যাচে ৪৬.৮১ গড়ে ছয় হাফ সেঞ্চুরি ও দুই সেঞ্চুরিসহ করেছেন ১,০৩০ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি আরও সফল। ১২ ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৮৮.১৬ গড়ে তার ব্যাটে এসেছে ৫২৯ রান। তবে নকআউট ম্যাচে তার পারফরম্যান্স ভালো না হওয়ায় রয়েছে সমালোচনা।
টি-টুয়েন্টি ফরম্যাটে আক্রমণাত্মক ব্যাটিংকে প্রাধান্য দেন সকলে। কোহলি সেখানে রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি পরিস্থিতি বিচার করে আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১১৫ টি-টুয়েন্টিতে ৫২.৭৩ গড়ে, ১৩৭.৯৬ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪,০০৮ রান।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বাধিক রানের মালিক কোহলি। সবচেয়ে বেশি ফিফটিও রয়েছে তার দখলে। সংক্ষিপ্ত এ ফরম্যাটে সর্বাধিক ১৫ বার ম্যাচসেরা ও সর্বাধিক সাতবার হয়েছেন সিরিজসেরা।
কোহলি টি-টুয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টে ২৭ ম্যাচে ২৫ ইনিংসে ৮১.৫০ গড়ে ১৩১.৩০ স্ট্রাইক রেট ১৪ ফিফটিসহ করেছেন ১,১৪১ রান। এমন বীরত্ব পরেও এখনও ভারতের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে পারেননি। যদিও ২০১৪ এবং ২০১৬ বিশ্বকাপে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন।
দলের রানতাড়া করার সময় টি-টুয়েন্টি বিশ্বকাপে কিং কোহলির রয়েছে অবিশ্বাস্য এক পরিসংখ্যান। ভারতের রানতাড়া করার সময় নয়বার জয়ে ভূমিকা রাখার সময় তুলেছেন সাতটি হাফ সেঞ্চুরি। ৫১৮ গড়ে করেছেন ৫১৮ রান! কারণ লক্ষ্য তাড়া করতে নেমে তিনি আউট হয়েছিলেন মাত্র একবার।
সামগ্রিকভাবে কোহলির রেকর্ড বইয়ে আরও কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান রয়েছে। সব ফরম্যাট মিলিয়ে ৫০১ ম্যাচে ৫৫৯ ইনিংসে ৫৩.৬৩ গড়ে তুলেছেন ২৫,৫৮২ রান। সঙ্গে রয়েছে ১৩১টি অর্ধশতক ও ৭৬টি শতক। ব্যাট হাতে ধারাবাহিকতার জন্য তাকে তর্কযোগ্যভাবে সব ফরম্যাটের সর্বকালের সেরা ব্যাটারদের সংক্ষিপ্ত তালিকার একজন হিসেবে বিবেচনা করা হয়।
পরিসংখ্যান বলছে, সব ফরম্যাট মিলিয়ে কোহলি ভারতের হয়ে দ্বিতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। তালিকার শীর্ষে আছেন ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে ১০০ সেঞ্চুরিসহ ৩৪,৩৫৭ রান করা শচীন। এপর্যন্ত শচীনের সঙ্গে যুগ্মভাবে ২০বার সিরিজসেরার পুরস্কার জিতেছেন কোহলি। এরপর আছেন সাকিব আল হাসান। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার ১৭বার হয়েছেন সিরিজসেরা।
অর্জনের পাল্লা ভারি হওয়ায় ২০১১-২০২০ সালের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ কোহলিকে দশকসেরা খেলোয়াড়ের পুরস্কার দেয় আইসিসি।






