ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। এয়ারপোর্ট থেকে একজন প্রবাসীসহ ছয় জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ফেনীতে আসছিল।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে একজন প্রবাসীসহ ছয় জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ফেনীতে আসছিল। গাড়ি চালকের ঘুম আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত ও ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর এক নারী যাত্রী নিহত হয়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আসিফ মাহমুদ জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।







