অসুস্থ ভাগ্নেকে দেখতে এসে লাশ হলেন গৃহবধূ খোদেজা

অসুস্থ ভাগ্নেকে দেখতে এসে গৃহবধূ খোদেজার দাফনের জন্য মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
চুয়াডাঙ্গার সুবলপুরে অসুস্থ ভাগ্নেকে দেখতে এসে লাশ হলেন খোদেজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ। ভাগ্নের বাড়ির ধানঝাড়াই মেশিনের ফ্যানে কাপড় জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার সুবলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা খাতুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলদিয়া গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
জীবননগর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আপিল মাহমুদ জানান, সুবলপুর গ্রামের রনক আলীর ছেলে আশাদুল ইসলাম (৩০) বেশকিছু দিন থেকে অসুস্থ। অসুস্থ ভাগ্নে আশাদুলকে দেখতে খোদেজা খাতুন ৩দিন আগে সুবলপুর গ্রামে আসেন।
বৃহস্পতিবার সকাল থেকে আশাদুলের পিতা রনক আলী বাড়িতে ধানঝাড়া মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। বেলা ১১ টার দিকে মেশিনের ফ্যানে অসাবধানতাবশত খোদেজা খাতুনের শাড়ী জড়িয়ে গেলে তার শরীরের একপাশ ছিন্নভিন্ন হয়ে যায়।
এ ব্যপারে জীবননগর থানায় একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।






