ময়মনসিংহ মেডিকেলে হামে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে।
একই সঙ্গে ডেঙ্গু ও হামের সংক্রমণ বাড়ায় উদ্বেগে রয়েছেন ময়মনসিংহের মানুষ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া দুই শিশুর বয়সই ১০ বছর। তাদের নিউমোনিয়ার পাশাপাশি সন্দেহজনক হামের উপসর্গ ছিল। তাদের একজন মেয়ে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়।
গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্য শিশুটির বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়। গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।
এদিকে, ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৭৮ জন। এদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
হাম ও ডেঙ্গুতে একের পর এক আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ অঞ্চলে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।





