আগেই জানা গিয়েছিল চলতি সপ্তাহেই কলকাতায় আসন্ন সিনেমা ‘ভুলভুলাইয়া থ্রি’-এর শুটিং করবেন কার্তিক আরিয়ান। সেই অনুসারেই সোমবার (৮ এপ্রিল) কলকাতা শহরে পৌঁছেছেন বলিপাড়ার হার্টথ্রব কার্তিক আরিয়ান! আর মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল নাগাদই হাওড়া ব্রিজে ছবির লুকে ধরা দিলেন বলিউডের এই তরুণ সুপারস্টার।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে কলকাতার আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং করবেন কার্তিক। এরইমধ্যে শহরে এসে রেকি সেরে ফেলেছেন ছবির পরিচালক অনীশ বাজমি। কিন্তু কলকাতা শুটিংয়ে কি একা গিয়েছেন কার্তিক? নাকি সঙ্গে রয়েছে ‘ভুলভুলাইয়া থ্রি’-এর দুই অভিনেত্রী বিদ্যা বালান ও তৃপ্তি দিমরি?
সূত্র বলছে, আপাতত কলকাতায় শুটিং সারবেন কার্তিকই। সঙ্গে দেখা যেতে পারে বাংলা নাট্যজগতের অভিনেতা তানভিরুল ইসলামকে। পুরোনো কলকাতাকে মাথায় রেখেই নাকি ছবির শুটিং সারবেন পরিচালক কার্তিক।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলে, মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ংকর রূপের কথা আসবেই। বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালানের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক।
সম্প্রতি ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে বিদ্যা বালানের আসার খবর দেন ছবির রুহ বাবা কার্তিক আরিয়ান নিজেই। এর আগে ‘ভুলভুলাইয়া’ ছবিতে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের। সেই ধারাবাহিকতা এর দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে জমেছিল। তাইতো স্বাভাবিকভাবেই এর তৃতীয় কিস্তি নিয়েও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।- ইন্ডিয়া টুডে







