বিপদ যেন কাটছেই না কপিল শর্মার। চলতি বছরের জুলাইয়ে সপ্তাহখানেকের ব্যবধানে দু’বার গুলি চলে তার ক্যাফেতে। কানাডায় নতুন ব্যবসা শুরু করতেই একের পর এক জঙ্গি হামলা। এবার তিনি হুমকি পেলেন মুম্বাইয়ে বসেই। ১ কোটি টাকা দাবি করা হল কপিলের থেকে।
জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি কপিলের কাছে ১ কোটি টাকা দাবি করেছে। আর এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে কলকাতার।
গত ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিলের কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম নিয়ে ভয় দেখিয়ে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কৌতুকাভিনেতার থেকে।
একই নম্বর থেকে নয়, একাধিক নম্বর থেকে বার বার ফোন আসতে থাকে কপিলের কাছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে কলকাতা থেকে পাকড়াও করেছে মুম্বাই পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অভিযুক্ত দিলীপ চৌধুরী।
কয়েক মাস আগে কপিল শর্মা নেটফ্লিক্সে তার অনুষ্ঠানের তৃতীয় সিজনের প্রথম পর্বে সালমানকে অতিথি হিসাবে ডেকেছিলেন। তারপরেই কপিল শর্মার ক্যাফেতে গুলি চলে। সেই প্রসঙ্গে ওই গ্যাংস্টার বলেছিলেন, “নেটফ্লিক্সের শো-তে সালমানকে আমন্ত্রণের মাসুল গুনতে হচ্ছে কপিল শর্মাকে। সে কারণেই তার ক্যাফেতে বার বার গুলি চালানো হচ্ছে।”
তিনি হুমকি দেন, কপিল কথা না শুনলে মুম্বাইয়ের রাস্তায় ‘একে৪৭’ চলবে। এছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও ক্ষিপ্ত কপিলকে নিয়ে। বর্তমানে একসঙ্গে অনেকের চক্ষুশূল হয়ে উঠেছেন কপিল।







