বলিউডের বিশাল অংশজুড়ে বিস্তৃত ‘খান’ সাম্রাজ্য। যে ‘খান’ সাম্রাজ্যের তিন মালিক হলেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। যাদের সাথে কাজ করতে সর্বদা মুখিয়ে থাকেন পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। আর সেই ব্যতিক্রমের নাম কঙ্গনা রানাউত।
বরাবরই বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয় কঙ্গনাকে রানাউতকে। যিনি বলিউডে স্বজনপ্রীতিসহ নানা নেতিবাচক দিক নিয়ে সরব হয়েছেন। এবার জানালেন কেন সুযোগ থাকা সত্ত্বেও বলিউডের খানদের সাথে কাজ করতে চাননি তিনি।
সম্প্রতি পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, “হ্যাঁ, আমি খান পরিচালিত ছবি প্রত্যাখ্যান করেছিলাম। এমন নয় যে বলিউডের খানদের ( শাহরুখ, সালমান, আমির) সঙ্গে আমার কোন সমস্যা আছে। সব খান আমার কাছে খুব ভালো, তারা আমার প্রতি খুব সদয় এবং তারা কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি।
তবে হ্যাঁ, এমন কিছু লোক আছে যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু খানরা তাদের একজনও ছিলেন না। আমি তাদের চলচ্চিত্রে না বলেছিলাম কারণ তাদের চলচ্চিত্রগুলিতে নায়িকার ভূমিকা খুবই সাধারণ ছিল। যেখানে নায়িকার দুটি দৃশ্য এবং একটি গান থাকবে। তাই আমি বলেছিলাম, আমি এটা করতে চাই না। কারণ, আমি এমন একজন নারীর উদাহরণ হতে চাই যিনি ‘লিড’ ভূমিকায় অভিনয় করবেন সিনেমাতে”।
তিনি আরও জোর দিয়ে বলেছিলেন যে, তিনি এমন অভিনেত্রী হিসাবে পরিচিত হতে চান যিনি সালমান খান, শাহরুখ খান কিংবা আমির খানের সাহায্য ছাড়াই শীর্ষে উঠতে পারবেন। “আমি ইন্ডাস্ট্রিতে আমার পরে আসা অভিনেত্রীদের জন্য আমার সেরাটা দিতে চেয়েছিলাম এবং বোঝাতে চেয়েছিলাম কোন খান আপনাকে সফল করতে পারেন না, কোন কুমার আপনাকে সফল করতে পারেন না, কোন কাপুর আপনাকে সফল করতে পারেন না। আপনার সফলতা আপনার হাতেই।
আমি রণবীর কাপুরের ছবিকে না বলেছি, অক্ষয় কুমারের ছবিকে না বলেছি। আমি এমন প্রোটোটাইপ হতে চাইনি যে শুধুমাত্র একজন নায়ক একজন নায়িকাকে সফল করতে পারেন। এবং আমি সেই দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি বলে যোগ করেন বলিউডের ‘কুইন’ খ্যাত কঙ্গনা।
আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’। যেখানে ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতের জরুরি অবস্থায় ‘গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়’কে তুলে ধরা হবে। ছবিতে ভারতে প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।- বলিউড হাঙ্গামা







