পূজার আনন্দে হাসির খোরাক নিয়ে আসছে যে নাটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি মুক্তি পাবে।
ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তকে। নাটকটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতুসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন,“রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।”
কারিশমা চরিত্রটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন,“চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।”
উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে ‘কাজের মেয়ে কারিশমা’ নাটকটি দর্শকহৃদয়ে এক চিলতে হাসির খোরাক যোগাবে বলে আশা প্রকাশ করছে পুরো নাট্যদল।






