লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
তিনি জানান, শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন কারিনা। চেন্নাই নেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স বিকেলে ঢাকায় পৌঁছাবে। তবে চিকিৎসা ও যাতায়াতের বিপুল ব্যয় মেটাতে পরিবারকে চরম আর্থিক চাপে পড়তে হয়েছে।
তিনি বলেন, হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে। এমনকি জমি বিক্রির উদ্যোগও নিয়েছেন তারা। কায়সার
হামিদ বলেন, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওকে নিরাপদে চেন্নাই পৌঁছানো এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
কারিনার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা। শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি ঘটে।
হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে সংক্রমণ দেখা দিয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। এর সঙ্গে আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যাও জটিলতা বাড়িয়ে তোলে। একপর্যায়ে তার লিভার ফেইলিউর হলে গত শুক্রবার লাইফ সাপোর্টে নেওয়া হয়।







