গেল বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘জংলি’। সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত সিনেমাটি এখন থেকে দেখতে পারবেন জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের দর্শক।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ আয়োজনের অংশ হিসেবে গেল বছরের অন্যতম ব্যবসাসফল ‘জংলি’ মুক্তি পেল ওটিটির দর্শকদের জন্য।
‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ছাড়াও সিনেমায় দেখা গেছে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমার কাহিনিতে দেখা যায়, জনি ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে মারামারি করার জন্য তার দুর্নাম আছে। বাবা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই বিবেচনায় তাকে ছাড় দেওয়া হয় বারবার। তবে জনির এই বেপরোয়া আচরণের পেছনে রয়েছে তার বাবার সঙ্গে দূরত্ব। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে বাবা। তারই ভার্সিটিতে পড়া নূপুরকে ভালোবাসে জনি। তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চায়। কিন্তু বিধি বাম! অপ্রত্যাশিতভাবে একদিন অন্যদিকে মোড় নেয় সে সম্পর্ক।
সবকিছু ছেড়ে তাই সে বের হয়ে যায়, হয়ে ওঠে সত্যিকার অর্থেই ‘জংলি’, কোনো কিছুই যাকে আর ছুঁতে পারে না। সেই জংলির জীবনে উড়ে এসে জুড়ে বসে এক ছোট্ট মেয়ে, পাখি। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারে জংলির মন বদলাতে? নাকি জংলি জংলিই থেকে যায়?
জানতে হলে আইস্ক্রিনে দেখে নিতে পারেন ‘জংলি’।








