মিটফোর্ডে যুবদল নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে উল্লেখ করে এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। একইসাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবাদ লিপিতে এটি জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, চকবাজারের নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ এবং গভীরভাবে শোকাহত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে জাতীয় যুবশক্তি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে। নিহতের নিথর দেহের উপর ঘাতকদের নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়। এমন পাশবিকতা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, এই ধরণের ঘটনা কোনো একজন ব্যক্তির উপরে হামলা নয়, এটা মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা শুধু নৃশংসতা নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে-দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।
আমরা মনে করি, এ এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে, তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ঘাতক ও তাদের মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এবং নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।








