জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীর করা ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগে রবীন্দ্রনাথ ঠাকুর হল ও রফিক-জব্বার হলের মধ্যকার রাতভর সংঘর্ষের ঘটনায় নারী শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও তাদের দুজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ১৩ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি, ইতিহাস বিভাগের শিক্ষার্থী কাজী মহিউদ্দিন মিরাজ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাবিলা ইসলাম। এদের মধ্যে রাফি ও মিরাজকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং ৬ মাস করে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ইভটিজিংয়ের অভিযোগকারী নাবিলা ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী।
ওই অফিস আদেশে বলা হয়, গত বছরের ১৪ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন ও ৫ অক্টোবর অনুষ্ঠিত ডিসিপ্লিন বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, নারী শিক্ষার্থী ঘটনার পরপরই অভিযোগ না দিয়ে, মধ্যরাতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যেকার সংঘর্ষের পরে প্রক্টর বরাবর ইভটিজিং এর অভিযোগ দায়ের করা মূল ঘটনাকে মিথ্যার আশ্রয় নিয়ে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের রাতভর মারামারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থি। এক্ষেত্রে অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ বিবেচনায় বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে গত ৪ ডিসেম্বর তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের
উক্ত শাস্তি প্রদান করা হয়।
শাস্তি প্রদানের বিষয়ে আবিদ হাসান রাফি বলেন, ডিসেম্বরের ঘটনায় হুট করে এতদিন পরে কেন তারা এই রায় কার্যকর করছে। আমি ইভটিজিংয়ের ঘটনায় জড়িত না থাকলেও কেন আমাকে শুধুমাত্র মারামারির ঘটনায় শাস্তি দেয়া হলো বুঝতেছি না। এই বিষয়টি মেনে নেয়া অত্যন্ত কষ্টদায়ক।
নাবিলা ইসলাম বলেন, এ ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনার পরদিন এসে মিরাজ আমাকে অভিযোগ দিতে বললে আমি কিছু না বুঝেই অভিযোগপত্র জমা দিয়ে দেই। আমি তখনো দুই হলের মধ্যকার মারামারির বিষয়ে জানতাম না। তবে গত বছরের ১৪ এপ্রিলে রাফি আমাকে ইভটিজিং করেছিল এ কথা মিথ্যা নয়। এজন্যই আমি অভিযোগপত্র জমা দিয়েছিলাম।
উল্লেখ্য, গতবছর ১৪ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে বান্ধবীকে উত্যক্তের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে দুই হলের অন্তত ২০ জন আহত হয়।








