মব ভায়োলেন্স, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ প্রতিবাদ সভা শুরু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের পদ্মা হলে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির বলেন, যাদের সাথেই মতের অমিল হবে তাদেরই জ্বালিয়ে দেওয়া হবে এই লক্ষ্যেই প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবার জায়গা থেকে লড়াই করেছি। সেটা অব্যাহত থাকবে।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনদিন দেখিনি।
তিনি আরো বলেন, আজকে প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়, গণতন্ত্রের উপর হামলা হয়েছে, জুলাই যোদ্ধার উপর হামলা হয়েছে।
সকল গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে উল্লেখ করে তিনি এ ধরনের সকল অপশক্তিকে রুখে দিতে সকলের প্রতি আহবান জানান।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, তারা শুধু ডেইলি স্টার নয়, ডেইলি স্টারের সাংবাদিকদের মারতে চেয়েছে।
তিনি আরও বলেন, এখন মত প্রকাশের স্বাধীনতা অনেক দূরে, বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হচ্ছে।







