দর্শকদের জাদুর দুনিয়ায় মন্ত্রমুগ্ধ করে আসছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ। জনপ্রিয় এই সিরিজের দুটি কিস্তিতে ‘গেলাট গ্রিন্ডেলওয়ার্ল্ড’ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। তবে অ্যাম্বার হার্ড গৃহ নির্যাতনের অভিযোগ তোলার পর তৃতীয় কিস্তিতে ডেপের পরিবর্তে নেয়া হয়েছিল ম্যাডস মিকেলসেনকে।
‘ফ্যান্টাস্টিক বিস্টস ফোর’-এ আবারও দেখা যেতে পারে জনি ডেপকে, এমনটাই জানালেন মিকেলসেন।
ম্যাডস মিকেলসেন ‘ডেডলাইন’-এ দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘এখন স্রোতের দিক বদলেছে। তিনি জিতেছেন আদালতে। দেখা যাক তিনি ফিরে আসেন কিনা। তিনি ফিরতে পারেন।’
মিকেলসেন জানান, জনি ডেপের চরিত্রে রাজি হতে ইতস্তত বোধ করছিলেন তিনি। কারণ তিনি জনির ভক্ত। এজন্য তিনি জনিকে অনুকরণও করতে চাননি।
ক্যারিয়ারের বড় ধাক্কা সামলে আবার নিজেকে গুছিয়ে নিচ্ছেন জনি ডেপ। নেটফ্লিক্সের ফ্রেঞ্চ ড্রামা ‘জিন দু বারি’তে দেখা যাবে জনি ডেপকে। এই ছবিতে তিনি অভিনয় করছেন ফরাসি রাজা ‘লুই ফিফটিন’-এর চরিত্রে। এছাড়াও ইতালীয় শিল্পী অ্যামেডিও মোডিগ্লিয়ানিকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







