আগামী এক দশকে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে লাখ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। দেশটির বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং হৃদ্রোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের প্রকোপ বাড়ার কারণে এ খাতে কর্মীর চাহিদা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন শ্রম বিভাগ।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শ্রম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে কর্মসংস্থান ৯ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। এতে প্রায় ২২ লাখ নতুন চাকরি তৈরি হবে, যা ওই সময়ে যুক্তরাষ্ট্রে সৃষ্ট মোট নতুন চাকরির প্রায় ৩৭ শতাংশ।
এআইয়ের কারণে দ্রুত বাড়বে যেসব খাতে চাকরি
আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা শিল্প খাত হতে পারে ইউটিলিটি বা বিদ্যুৎ-গ্যাসসহ জনসেবা খাত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হওয়ায় এ খাতে চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শ্রম বিভাগের হিসাবে, ২০৩৫ সাল পর্যন্ত ইউটিলিটি খাত ৯ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। তবে খাতটি তুলনামূলক ছোট হওয়ায় এতে নতুন চাকরি তৈরি হবে প্রায় ৫৮ হাজার ৮০০টি।
এআইভিত্তিক বিভিন্ন ব্যবস্থা ও সরঞ্জামের চাহিদা বৃদ্ধি এবং এআই নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রসার পেশাগত, বৈজ্ঞানিক ও কারিগরি সেবা খাতেও বড় ধরনের কর্মসংস্থান তৈরি করবে। এ খাতে প্রায় ৯ লাখ ২৭ হাজার নতুন চাকরি তৈরি হতে পারে।
অর্থনৈতিক গবেষণা ও নীতি প্রতিষ্ঠান গ্রাউন্ডওয়ার্ক কোলাবোরেটিভের প্রধান শ্রমবাজার অর্থনীতিবিদ ব্রেয়ন উইলিয়ামস বলেন, এ প্রায় ১০ লাখ চাকরির বড় অংশই এআইয়ের চাহিদার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে সফটওয়্যার ডেভেলপার, পরামর্শক ও প্রকৌশলীদের মতো পেশা রয়েছে।
দ্রুত বাড়বে স্বাস্থ্যসেবার চাকরি
শ্রম বিভাগের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ২০টি পেশার অর্ধেকই স্বাস্থ্যসেবা খাতের।
তবে এআইয়ের প্রসার সব পেশায় ইতিবাচক প্রভাব ফেলবে না। অর্থনীতিবিদদের মতে, প্রশাসনিক কাজ এবং খুচরা বিক্রয় খাতের কিছু চাকরিতে এআই ব্যবহারের কারণে কর্মীর চাহিদা কমতে পারে।
উইলিয়ামস বলেন, আগামী ১০ বছরে অফিস ক্লার্ক, গ্রাহকসেবা প্রতিনিধি ও সচিবসহ প্রায় ৭ লাখ ৫২ হাজার প্রশাসনিক চাকরি বিলুপ্ত হওয়ার পূর্বাভাস খুব একটা বিস্ময়কর নয়। এআইয়ের কারণে কিছু ক্ষেত্রে কর্মসংস্থান বাড়লেও অন্য কিছু ক্ষেত্রে চাকরি কমে যাওয়ার প্রবণতা দেখা যাবে।
শ্রম বিভাগ আরও জানিয়েছে, এআই ব্যবহারের ফলে শিল্প, নকশা, বিনোদন, ক্রীড়া ও গণমাধ্যম সংশ্লিষ্ট কিছু পেশাতেও কর্মীর চাহিদা কমতে পারে।
এ ছাড়া ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে মার্কিন ফেডারেল সরকারের চাকরি ৩ দশমিক ৪ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ১০ বছরে কমবে যেসব চাকরি
সামগ্রিকভাবে ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট কর্মসংস্থান ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। তবে একই সময়ে ২০টি পেশায় কর্মসংস্থান কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে শ্রম বিভাগ।
এসব পেশার কিছুতে কর্মসংস্থান এক-চতুর্থাংশেরও বেশি কমতে পারে। অন্যদিকে স্বাস্থ্যসেবা, এআই, প্রকৌশল ও বৈজ্ঞানিক সেবার মতো খাতে কর্মীর চাহিদা দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ফলে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে প্রযুক্তি ও স্বাস্থ্যসেবাকেন্দ্রিক পেশার গুরুত্ব বাড়ার পাশাপাশি প্রশাসনিক ও কিছু প্রচলিত পেশায় কর্মসংস্থান কমার প্রবণতা আরও স্পষ্ট হতে পারে।









