দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মিরপুরে প্রতিবারের মতো এবারও ১৬ই ডিসেম্বর মাঠে গড়িয়েছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। ১৫ ওভারের লড়াইয়ে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রফিক।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচ। সাবেক জাতীয় ক্রিকেটারদের মিলনমেলায় রূপ নেয় হোম অব ক্রিকেট।
টসে জিতে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ। জবাবে নেমে ৪ বল হাতে রেখেই ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় শহীদ জুয়েল একাদশ।
শহীদ মুশতাক একাদশের হয়ে সর্বোচ্চ ২৫ রান তোলেন আব্দুল হান্নান সরকার। হাসানুজ্জামান ১৯ রান এবং আব্দুর রাজ্জাক ১৫ রান করেন।
বল হাতে শহীদ জুয়েল একাদশের হয়ে মোহাম্মদ রফিক ও তালহা যুবায়ের দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে শহীদ জুয়েল একাদশকে উড়ন্ত শুরু এনে দেন মোহাম্মদ রফিক ও এহসানুল হক সেজান। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে তোলেন ১০৮ রান রান। ছয়টি চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৫৮ রান করে ফিরে যান রফিক। পরে শাহরিয়ার নাফিসকে সঙ্গীকে জয় নিশ্চিত করেন সেজান। ছয়টি চারে ৩৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সেজান, ১১ বলে ১৬ রান করেন নাফিস।
শহীদ মুশতাক একাদশের হয়ে একমাত্র উইকেটটি নেন আব্দুল রাজ্জাক।







