২০২৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দেশসেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বছর বোর্ডের পাশের হার ৯২ দশমিক ৩৩। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন।
এ বছর যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন অংশগ্রহণ করেন। এরমধ্যে পাশ করেছে ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। এ বছর বোর্ডে পাশের হারের দিক থেকে এগিয়ে রযেছে সাতক্ষীরা জেলা। এ জেলায় পাশের হার ৯৬ দশমিক ১২। এরপরে রয়েছে খুলনা জেলা, এ জেলায় পাশের হার ৯৪ দশমিক ৬০। সবচেয়ে তলানীতে রয়েছে মেহেরপুর জেলা। এ জেলায় পাশের হার ৮৪ দশমিক ৯৬। গত বছর যশোর বোর্ডে পাশের পার ছিল ৮৬ দশমিক ১৭।
দুপুরে যশোর প্রেসক্লাবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। এবারের পরীক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের প্রশ্ন পত্রে প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অংশ নেওয়ায় তাদের মধ্যে কোন ভীতি ছিল না। ওই সব পরীক্ষায় যারা পিছিয়ে ছিলো তাদেরকে বাড়তি নজর দেওয়া হয়। ফলে চুড়ান্ত পরীক্ষায় সবাই ভালো করেছে।








