এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনটি কারও জন্য আনন্দের, কারও জন্য স্বস্তির, আবার কারও জন্য গভীর হতাশার। কাঙ্ক্ষিত ফল পেয়ে যখন একদল শিক্ষার্থী ও তাদের পরিবার আনন্দে মেতে ওঠে, তখন অন্যদিকে ফল আশানুরূপ না হওয়া শিক্ষার্থীদের অনেকেই নিজেদের ব্যর্থ, অযোগ্য কিংবা সবার চেয়ে পিছিয়ে পড়া মনে করতে শুরু করে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। বিপরীতে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। সংখ্যাগুলো নিছক পরিসংখ্যান হলেও এর পেছনে রয়েছে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বপ্ন, প্রত্যাশা, পরিশ্রম, ভয়, হতাশা এবং নতুন করে শুরু করার সম্ভাবনা।
একটি ফলাফল কি জীবনের সবকিছুর মাপকাঠি?
আমাদের সমাজে পরীক্ষার ফলাফলকে শিক্ষার্থীর মেধা ও যোগ্যতার অন্যতম প্রধান মাপকাঠি হিসেবে দেখা হয়। ভালো ফল করলে ‘মেধাবী’, আর খারাপ করলে ‘অযোগ্য’— এমন সরল সমীকরণে অনেক সময় একজন শিক্ষার্থীর পুরো ব্যক্তিত্বকে বিচার করা হয়।
কিন্তু বাস্তবতা এত সরল নয়।
একটি পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, পরিশ্রম, মানবিক গুণ কিংবা ভবিষ্যতে কী করতে পারবে- এসবের পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে পারে না। একটি পরীক্ষায় খারাপ ফলাফল মানে হতে পারে কোনো নির্দিষ্ট বিষয়ে দুর্বলতা, প্রস্তুতির ঘাটতি, পড়ার ভুল কৌশল, পরীক্ষার সময় ব্যবস্থাপনায় সমস্যা কিংবা শারীরিক ও মানসিক নানা প্রতিবন্ধকতা।
অর্থাৎ ফলাফল খারাপ হওয়া একটি সংকেত হতে পারে, কিন্তু সেটি জীবনের চূড়ান্ত রায় নয়।
কেন ফল খারাপ হয়?
শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। নিয়মিত পড়াশোনা না করা, পরীক্ষার আগে শেষ মুহূর্তে অতিরিক্ত চাপ নিয়ে প্রস্তুতি নেওয়া, বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত না করা, পর্যাপ্ত অনুশীলন না করা কিংবা পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনায় ব্যর্থ হওয়া- এসব সাধারণ কারণ।
এর সঙ্গে যুক্ত হতে পারে অসুস্থতা, পারিবারিক অস্থিরতা, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের ঘাটতি কিংবা পরীক্ষাভীতি।
তাই ফল খারাপ হওয়ার পর প্রথম কাজ হওয়া উচিত ‘আমি ব্যর্থ’- এই সিদ্ধান্তে পৌঁছানো নয়; বরং ‘কোথায় সমস্যা হয়েছে’— সেটি খুঁজে বের করা।
ফেল মানেই মেধাহীন?
এই ধারণাটিই বদলানো জরুরি।
কোনো শিক্ষার্থী কোনো একটি পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে মেধাহীন বা অযোগ্য হিসেবে চিহ্নিত করা তার আত্মবিশ্বাস আরও ভেঙে দিতে পারে। বরং তাকে বোঝানো প্রয়োজন- কোনো একটি পদ্ধতি হয়তো কাজ করেনি, এবার পদ্ধতিটাই বদলাতে হবে।
একটি বিষয়ে দুর্বল হলে ‘আমি গণিতে খারাপ’ বা ‘আমি বিজ্ঞান বুঝি না’- এমন সাধারণ সিদ্ধান্ত না নিয়ে ঠিক কোন অধ্যায়, কোন ধারণা বা কোন ধরনের প্রশ্নে সমস্যা হচ্ছে তা চিহ্নিত করা দরকার। সমস্যা যত নির্দিষ্ট হবে, সমাধানের পথও তত পরিষ্কার হবে।
ফল প্রকাশের পর অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ
ফল খারাপ হওয়ার পর শিক্ষার্থীর ওপর রাগ, অপমান, অন্যের সঙ্গে তুলনা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয় দেখানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
‘ও এত ভালো করেছে, তুমি পারলে না কেন?’- এ ধরনের প্রশ্নের বদলে অভিভাবকদের জানতে চাওয়া উচিত, ‘কোথায় তোমার সমস্যা হয়েছে?’ অথবা ‘এবার আমরা কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে পারি?’
একজন হতাশ শিক্ষার্থীর সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ একটি পরিবেশ- যেখানে সে নিজের ব্যর্থতা নিয়ে কথা বলতে পারে, ভুল স্বীকার করতে পারে এবং আবার শুরু করার সাহস পায়।
হতাশা স্বাভাবিক, তবে…
ফল আশানুরূপ না হলে মন খারাপ হওয়া স্বাভাবিক। হতাশা, কান্না কিংবা কিছু সময় একা থাকতে চাওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখার প্রয়োজন নেই। তবে দীর্ঘ সময় ধরে নিজেকে গুটিয়ে নেওয়া, অতিরিক্ত ভয় বা উদ্বেগ, ঘুম ও খাওয়ার বড় পরিবর্তন কিংবা নিজের জীবন নিয়ে নেতিবাচক কথা বলার মতো লক্ষণ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।
এ সময় পরিবারের সদস্য, শিক্ষক, বিশ্বস্ত বন্ধু কিংবা পেশাদার কাউন্সেলরের সঙ্গে কথা বলা জরুরি। সব ধরনের মানসিক চাপ একা বহন করার প্রয়োজন নেই।
এবার কী করবেন?
ফল খারাপ হওয়ার পর সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো নতুন পরিকল্পনা তৈরি করা।
প্রথমে আগের প্রস্তুতির ভুলগুলো খুঁজে বের করতে হবে। এরপর দুর্বল বিষয় ও অধ্যায়গুলোকে অগ্রাধিকার দিয়ে একটি বাস্তবসম্মত পড়ার রুটিন তৈরি করা যেতে পারে। শুধু দীর্ঘ সময় বইয়ের সামনে বসে থাকাই যথেষ্ট নয়; নিয়মিত অনুশীলন ও ধারাবাহিকতাই বেশি গুরুত্বপূর্ণ।
মূল পাঠ্যবই ভালোভাবে পড়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্নপত্র সমাধান, নিয়মিত লিখিত অনুশীলন এবং সময় ধরে মডেল টেস্ট দেওয়ার অভ্যাস তৈরি করা দরকার। এতে পরীক্ষার ভয় কমবে, লেখার গতি বাড়বে এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা তৈরি হবে।
একটানা পড়াশোনা না করে মাঝেমধ্যে ছোট বিরতি নেওয়াও জরুরি। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং নিয়মিত শারীরিক কার্যক্রমও মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।
ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াই আসল
জীবনে সফল মানুষের গল্প খুঁজলে দেখা যাবে, অনেকের পথই সরল ছিল না। কেউ প্রথম চেষ্টায় সফল হয়েছেন, কেউ বারবার ব্যর্থ হওয়ার পর নিজের পথ খুঁজে পেয়েছেন। তাই একটি পরীক্ষার ফল দিয়ে জীবনের সম্ভাবনাকে মাপা যায় না।
এসএসসিতে ভালো ফল করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থী কী শিখল, কোথায় দুর্বলতা রয়েছে এবং পরবর্তী সময়ে কীভাবে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করবে।
এই মুহূর্তে যেসব শিক্ষার্থীর ফল আশানুরূপ হয়নি, তাদের মনে রাখা দরকার- একটি ফলাফল তাদের পরিচয় নয়। এটি একটি নির্দিষ্ট সময়ের মূল্যায়ন মাত্র। সামনে আরও পরীক্ষা আছে, আরও শেখার সুযোগ আছে, আরও অনেক পথ খোলা আছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের কাছেও এই বার্তাটি পৌঁছানো জরুরি- সন্তানের ফলাফল খারাপ হতে পারে, কিন্তু তাই বলে সন্তানটি মেধাহীন নয়।








