বলিউডে বয়স ধরে রাখার প্রতিযোগিতা নতুন কিছু নয়। প্লাস্টিক সার্জারি, বোটক্স কিংবা নানা কৃত্রিম প্রক্রিয়ায় নিজেকে তরুণ দেখানোর প্রবণতা এই ইন্ডাস্ট্রিতে বহুদিনের। তবে জয়া বচ্চন সেই স্রোতের বাইরে।
সম্প্রতি বার্ধক্য, সৌন্দর্য ও কৃত্রিম পরিবর্তন নিয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, বয়সের ছাপ তিনি লুকাতে চান না। তার কথায়, “আমার প্রতিটা বলিরেখা আর ধূসর চুল নিয়ে আমি গর্বিত। এগুলো আমার জীবনের গল্প।”
বোটক্স বা সার্জারি নিয়ে তার অবস্থান আরও পরিষ্কার, ‘আমি কখনো আমার মুখে কৃত্রিম কিছু ব্যবহার করিনি। ভবিষ্যতেও করব না।’
এই সাক্ষাৎকারে নিজের সন্তানদের নিয়েও আবেগ প্রকাশ করেন জয়া। তিনি বলেন, ‘আমার জীবনে এমন কোনো দিন যায় না, যেদিন আমি অভিষেক আর শ্বেতাকে দেখে গর্বিত হই না। সবচেয়ে বড় কথা, আমরা ওদের নষ্ট হতে দেইনি—এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।’
বয়সের ভারে নয়, অভিজ্ঞতার দৃঢ়তায় কথা বলেন জয়া বচ্চন। রুপালি পর্দা হোক কিংবা জনজীবন নিজের বিশ্বাসে অটল থাকার সাহসই তাকে আলাদা করে তোলে। সময় বদলালেও তাই জয়া বচ্চনের স্পষ্টতা আজও সমানভাবে আলোচিত।








