একযোগে জাতীয় পার্টির ৬৬৮ জন নেতা-কর্মী পদত্যাগের খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান’র প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে ‘জাতীয় পার্টি থেকে ৬৭১ জন পদত্যাগ করেছে’। আমাদের প্রশ্ন, আসলে ওই সভায় কতজন উপস্থিত ছিলেন? যারা উপস্থিত ছিলেন তারা সবাই কী জাতীয় পার্টির সদস্য? তাছাড়া, যারা সংবাদ সম্মেলন করেছেন তারা কী ৬৭১ জনের কোন তালিকা প্রকাশ করেছে?
তিনি আরও বলেন, প্রকৃত সত্য হলো, ঢাকা মহানগর উত্তরের বেশির ভাগ নেতা-কর্মী আজ জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে উপস্থিত থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন। আজ দুপুরে বনানীস্থ কার্যালয়ে নব গঠিত ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির নেতৃবৃন্দ একটি সভাও করেছেন বলে জানানো বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে গণপদত্যাগের তথ্য জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মহানগর উত্তরের ৮টি থানার ৬৬৮ জন নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। এদের মধ্যে ভাইস-চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক ও প্রচার সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও রয়েছেন। পদত্যাগ অব্যাহত থাকবে জানিয়ে নতুন দল গড়ার ইঙ্গিত দিয়েছেন তারা।







