বলিউডের এখন অতি পরিচিত মুখ অভিনেত্রী জাহ্নবী কাপুর। সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায়, তার অনুরাগীর সংখ্যা কম নয়। কিন্তু খ্যাতি থাকলে সেখানে যে বিড়ম্বনার সাক্ষী হতে হয় সেটি প্রমাণিত। তেমনই এক পরিস্থিতির মধ্যে পড়লেন অভিনেত্রী। বিমানবন্দরে অনুরাগীদের ভিড়ে আটকে পড়লেন তিনি।
সম্প্রতি প্যারিসের একটি ফ্যাশন শোয়ে হেঁটেছেন জাহ্নবী। সেখান থেকেই তড়িঘড়ি করে মুম্বাই ফিরেছেন তিনি, কারণ ভাই অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে হবে তাকে। আর মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই জটিলতার সূত্রপাত।
এদিন জাহ্নবীকে দেখেই এক অনুরাগী এগিয়ে আসেন ছবি তুলবেন বলে। তারপরেই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্য এক এক করে মানুষ জড়ো হতে থাকেন। প্রথমটায় হাসিমুখে ছবি তুললেও পরে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। কোন রকমে ভিড় থেকে বেরিয়ে এগিয়ে যান নিজের গাড়ির দিকে। আর এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে নেটাগরিকেরাও জাহ্নবীর সমর্থনে কথা বলেন। তারকা হলেও, ব্যক্তিগত পরিসরে এইভাবে প্রবেশ করা উচিত নয় বলে দাবি করেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা। এক জন মন্তব্য করেন, “অভিনেত্রী হলেও তিনি তো মানুষ। ওকে ছাড়ুন। দেখাই যাচ্ছে, উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।” আরও একজন অনুরাগী মন্তব্য করেন, “জাহ্নবী যথেষ্ট বিনয়ী। তারকা বলে এইভাবে বিরক্ত করাও উচিত নয়।”
জাহ্নবীর হাতে রয়েছে এখন বেশ কিছু প্রজেক্ট। যার ভেতর উল্লেখযোগ্য ‘উলাজ’, ‘দেবারা পার্ট ওয়ান’ সহ আরো বেশ কিছু কাজ। –হিন্দুস্থান টাইমস







