অন্যান্য খেলা

ঢাকায় বসছে চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

ঢাকায় বসছে চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

বাংলাদেশে দ্বিতীয়বার হতে চলেছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট- আইএইচএফ নেশনস ট্রফি। প্রতিযোগিতা চলবে আগামী ১৮-২২ অক্টোবর। স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ আসরে অংশ নেবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এতথ্য জানান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

পাঁচদিন ব্যাপী আসরের নামকরণ করা হয়েছে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। খেলা হবে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ১৮, ১৯ এবং ২০ অক্টোবর প্রতিদিন হবে দুটি করে লিগ ম্যাচ। লিগ ম্যাচ শেষে ২১ অক্টোবর হবে ব্রোঞ্জ ম্যাচ। পরেরদিন স্বর্ণপদকের জন্য লড়বে দুই ফাইনালিস্ট।

বাংলাদেশকে ফাইনালে তোলার বিষয়ে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক ইসমেতারা নিশি। বলেন, ‘এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আশা ফাইনাল খেলব। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮ খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলে হবে না।’

‘আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব এবং ফাইনালে উঠবো- এটাই আমাদের সবার প্রচেষ্টা থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো খেলতে পারি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।’

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের নতুন স্পেনিয়ার্ড কোচ আনা আলোনসো বললেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ, আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য। অভিজ্ঞতা সবদিক থেকেই চমৎকার ছিল। আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্য নয়, বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমরা সঠিক পথেই আছি।’

টুর্নামেন্টের উদ্বোধন আগামী ১৮ অক্টোবর, সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধন এবং সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় ৫টি দল আসার কথা ছিল, শেষ মুহূর্তে আফগানিস্তান আসতে পারছে না।

বিষয়:আইএইচএফ আফগানিস্তান আমিনুল আলোনসো বাংলাদেশ হ্যান্ডবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…