লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলিতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার পর্যন্ত একটানা ব্যাপক হামলা চালায় দেশটি। এছাড়াও ফিলিস্তিনের গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
রোববার (৬ অক্টোবর) রয়টার্স, আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো শহর বারবার কেঁপে উঠছিল। কোথাও কোথাও হামলা ‘খুব নৃশংস’ ছিল বলে জানিয়েছেন তারা।
লেবানন থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিনিধিরা জানান, যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল, তার মধ্যে একটিতে টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে বোমাবর্ষণ চলেছে।
এছাড়া ফিলিস্তিনের গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালের কাছে ওই মসজিদে হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস্তুচ্যুত বহু মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছিল, সে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।








