‘বিধ্বংসী আক্রমণ’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। রবিবার (১ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা আইআরজিসির একটি বিবৃতি পেয়েছে, যেখানে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলার কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।”
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান।
এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ৫টি শহর তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ। যৌথ সামরিক অভিযান চালিয়েছে। পরবর্তীতে ইরান হামলা চালায় ইসরায়েলে। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।
ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ ঘটিয়েছে ইরান।










