প্রতিমন্ত্রী ইশরাকের প্রশংসায় যা বললেন রাশেদ খান

মাদকবিরোধী অভিযানে পিস্তল বের করার ঘটনায় সমালোচনার মুখে পড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অবস্থানের প্রশংসা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তবে সমালোচনা ইতিবাচকভাবে নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন।
পোস্টে ইশরাককে তরুণ ও সম্ভাবনাময় নেতা হিসেবে উল্লেখ করে রাশেদ খান বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি সারা দেশের নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ইশরাক দেশকে মনেপ্রাণে ধারণ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকেন।
মাদকের বিরুদ্ধে ইশরাকের দৃঢ় অবস্থান প্রশংসার দাবি রাখে উল্লেখ করে রাশেদ খান বলেন, মাদকসেবীদের সম্ভাব্য হামলা থেকে আত্মরক্ষার কথা ভেবে লাইসেন্স করা পিস্তল বের করার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন, ইশরাক এসব সমালোচনা ইতিবাচকভাবে নেবেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।
মাদকের প্রভাবে অনেকে জনপ্রতিনিধি, পুলিশ কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরও চিনতে পারেন না বলে মন্তব্য করেন রাশেদ খান। তার মতে, এ ধরনের পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ঝুঁকি থাকে।
রাশেদ খান বলেন, জনপ্রতিনিধি হিসেবে ইশরাকের উচিত নিজ এলাকায় আরও সচেতনভাবে কাজ করা এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। এতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
ইশরাকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, সমালোচনার বিষয়ে ইশরাক স্পষ্ট করেছেন, তিনি পুলিশকে খবর দিয়ে মাদকসেবীদের তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তিনি তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন।
দেশে মাদকের বিস্তার এবং এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। মাদকবিরোধী কার্যক্রমে দুর্বলতা দেখা যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।






