গাজা আক্রমণ বিষয়ে ইসরায়েলকে ইরানের কঠোর সতর্কতা

গাজা থেকে ক্ষেপণাস্ত্র হামলার সময় ধোঁয়া ও আগুনের দৃশ্য, সেনা সদস্যরা সতর্ক অবস্থানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসরায়েল যখন গাজায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তখন ইরান ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে একটি কঠোর সতর্কতা জারি করেছে।
সোমবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, “যদি ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হয়, তাহলে এই অঞ্চলের সব পক্ষের হাতই বন্দুকের ট্রিগারে থাকবে।”
গাজায় ক্রমাগত ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত ৭০০ জনের বেশি শিশুসহ ২ হাজার ৬৭০ জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েল ঘনবসতিপূর্ণ উপকূলীয় ছিটমহলের সমস্ত পানি, বিদ্যুৎ এবং খাবার বন্ধ করে দেয়া হয়েছে, তবে গতকাল দক্ষিণ অঞ্চলে পানি সংযোগ আবার ফিরিয়ে দেয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান বলেছেন , “পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং যুদ্ধ প্রসারণ না করার নিশ্চয়তা কেউ দিতে পারে না। যারা যুদ্ধ ও সংকটের পরিধিকে সম্প্রসারণ থেকে রোধ করতে আগ্রহী, তাদের গাজার নাগরিক ও বেসামরিকদের বিরুদ্ধে বর্তমান বর্বর হামলা প্রতিরোধ করতে হবে।”
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওয়াশিংটনে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলে যুদ্ধের ক্রমবর্ধমান সম্ভাবনার সাথে ইসরায়েলের দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বী এবং হামাসের সমর্থক ইরানও জড়িত থাকতে পারে।
ইসরায়েল লেবাননের উত্তর সীমান্তে সৈন্য এবং ট্যাঙ্ক পাঠিয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সীমান্তে মারাত্মক গোলাগুলির পর বেসামরিকদের জন্য ৪ কিলোমিটার প্রশস্ত এলাকাও বন্ধ করে দেয়া হয়েছে।






