বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি তেহরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই দেখিয়েছেন এই ধরনের পরিস্থিতিতে উভয় পক্ষই পাল্টা পদক্ষেপ নিতে পারে। যদি ইরান অর্থনৈতিক সন্ত্রাসবাদের পথে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রও কঠোর নীতি গ্রহণ করবে এবং প্রয়োজনে কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে দেওয়া হবে না।
ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে ভ্যান্স জানান, কিছু অগ্রগতি হয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের ওপরই বর্তায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং তাদের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
সবশেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ইরানকে অবশ্যই নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত গুরুত্বপূর্ণ শর্তগুলো মেনে নিতে হবে।

