মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর ছেলে মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।
বুধবার ৩ জুন ‘পড ফোর্স ওয়ান’ নামের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি তার (মোজতবা খামেনি) সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে ভবিষ্যতে কোনো এক সময় হয়তো আমাদের সাক্ষাৎ হতে পারে।”
সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের বিষয়টিও স্বীকার করেন। তিনি বলেন, হ্যাঁ, আমাদের কথা হয়েছে। আমি বলব না যে আমি রাগান্বিত ছিলাম, তবে লেবাননে তার অব্যাহত সামরিক তৎপরতা আমাকে কিছুটা বিরক্ত করেছে। তবে ট্রাম্প একই সঙ্গে উল্লেখ করেন যে নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও ভালো রয়েছে।
এদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার ৩১ মে রাতে ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ বলে মন্তব্য করেন। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তুমি পাগল হয়ে গেছ। আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে।
অ্যাক্সিওসের এ প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








